সংবিধান সংশোধন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধন করা হবে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী এ কাজ করা হবে। এ লক্ষ্যে দু-এক দিনের মধ্যেই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এ কমিটি আলোচনা করে ঠিক করবে কীভাবে সংবিধানের সংশোধনী আনা হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গণভবনে আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠকে ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদেরও ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এর পর আর্মি ডিক্টেটররা এসেছে এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে বৈধ ও পাকাপোক্ত করতে সংবিধান ক্ষতবিক্ষত করা হয়েছে। এ অবস্থা থেকে ফিরে আসার জন্যই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে থাকার সময় তৃণমূল নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে যে আন্দোলন করেছে এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে যে মহান দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করে এর প্রতিদান দিতে হবে।’
এখন সাংগঠনিক আলোচনা চলছে।

