যৌন নিপীড়নের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি পেশ করেছেন। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে যৌন নিপীড়নের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ, নিপীড়নবিরোধী সেলের পুনর্গঠন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষক কর্তৃক শিক্ষিকা নিপীড়নের বিষয়টি হাইকোর্টে পাঠিয়ে দীর্ঘসূত্রতা না করে সিন্ডিকেটের মাধ্যমে বিচার করা। ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের ব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে গতকাল দুুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি পেশ করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক নাসিম আক্তার হোসাইন বলেন, কারও বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পরও বিচার না করে হাইকোর্টে পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে প্রশাসন। সিন্ডিকেটের বিষয় হাইকোর্টে পাঠানোর কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত মূলত দীর্ঘসূত্রতা করে অভিযুক্তকে বাঁচানোর প্রয়াস মাত্র।
বিভাগীয় সিদ্ধান্ত উপেক্ষা করে
কোর্সে ছাত্র-শিক্ষক মনোনয়ন
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সিদ্ধান্তকে উপেক্ষা করে পছন্দের শিক্ষক-ছাত্রদের জাপানে গ্রীষ্মকালীন স্টাডি কোর্সে অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে প্রশাসন। জানা গেছে, জাপানের শিগা প্রেফেকচার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক চিঠিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতিকে ‘গ্রীষ্মকালীন স্টাডি কোর্সে’ অংশগ্রহণের জন্য তিনজন স্নাতকোত্তর শিক্ষার্থী ও একজন শিক্ষককে মনোনয়ন দিতে বলে। এর পরিপ্রেক্ষিতে বিভাগ মেধার
ভিত্তিতে তিন শিক্ষার্থী ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এক সহকারী অধ্যাপককে মনোনয়ন দেয়।

