যুদ্ধাপরাধী রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হওয়ার আহ্বান
ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী ও মৌলবাদী শক্তি তাদের অপকর্ম আড়াল করার জন্য ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করেছিল। এদের রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হতে হবে। চারদলীয় জোট যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।
আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার ব্যর্থ করার অপচেষ্টা বিরুদ্ধে জাতীয় ঐক্যের অপরিহার্যতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িকতা জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত এ আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা যদি জঙ্গিবাদ ও মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার না করতে পারি তাহলে গণতান্ত্রিক মুক্তি আসবে না। দারিদ্র্য ও ধর্মান্ধতা থেকেও মুক্তি আসবে না।’
ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বলেন, ১৪ দলীয় জোটকে ক্ষমতায় ধরে রাখতে হবে এবং সেটাকে কার্যকর করতে হবে। আওয়ামী লীগই কেবল এটা করতে পারে।
অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের জেনারেল সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, জামায়াত যত দিন থাকবে তত দিন দেশ থেকে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ দূর হবে না। জঙ্গিবাদও নির্মূল করা যাবে না।

