বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো ‘লুমিক্স ক্লিক টু ফেইম’র আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রকাশিত ‘বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক গত শনিবার উন্মোচন করেছেন।
প্যানাসনিক জাপানের অ্যাসোসিয়েট ডিরেক্টর মাসারু মারুও এ উপলক্ষে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানাসনিক সিঙ্গাপুরের এমডি পল অং, এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা, এসিআই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর এবং ম্যাকমের সিইও রাবেত খান। বাংলাদেশের আকর্ষণীয় সব স্থানে তোলা আলোকচিত্রগুলো প্রধানমন্ত্রী দেখেন এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এই পদক্ষেপকে তিনি সাধুবাদ জানান।
প্যানাসনিক আয়োজিত ‘লুমিক্স ক্লিক টু ফেইম’ উপমহাদেশে আয়োজিত প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো। প্যানাসনিকের মূলমন্ত্র ‘আইডিয়াস ফর লাইফ’ সারাবিশ্বে প্যানাসনিকের আদর্শ হিসেবে বিবেচিত হয়। ২০১০ সালের ১৬ মার্চ থেকে শুরু হয় এই রিয়েলিটি শোতে ছবি পাঠানো। বিচারকরা ৬ হাজার ৫শ’ ছবির মধ্য থেকে বেছে নিয়েছেন সেরা ১০০টি ছবি এবং ১০০ জন প্রতিযোগীকে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ১০০ জন প্রতিযোগীর ছবি নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিচারকরা সেখান থেকে চ্যানেল আইয়ে প্রচারিতব্য টেলিভিশন রাউন্ডের জন্য ১০ প্রতিযোগীকে নির্বাচিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

